শনিবার ০৬, জুন ২০২৬

০৬ জুন ২০২৬, ০৩:৩৮ পিএম

নিনসের পরিচালক হলেন অধ্যাপক ডা. নুরুজ্জামান খান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ মে ২০২৬, ১১:৪৯ এএম

1696

ডা. নুরুজ্জামান খান

অধ্যাপক ডা. মো. নুরুজ্জামান খান (খসরু) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল (নিনস)-এর পরিচালক কাম অধ্যাপক পদে নিয়োগ পেয়েছেন। চিকিৎসা অঙ্গনে দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতার জন্য তিনি চিকিৎসক মহলে সুপরিচিত।

এর আগে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক, বিভাগীয় প্রধান এবং ইন্টার্ন কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

চিকিৎসা প্রশাসন ও পেশাগত সংগঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন অধ্যাপক ডা. নুরুজ্জামান খান। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) কোষাধ্যক্ষ, বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনস-এর সদস্য সচিব এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষাজীবনে কৃতিত্বের স্বাক্ষর রেখে তিনি কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন। পরে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়ে ১৯৯৭ সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। একই প্রতিষ্ঠান থেকে নিউরোসার্জারিতে এমএস ডিগ্রি লাভ করেন।

চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর প্রশিক্ষণের অংশ হিসেবে তিনি সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও ভারতের বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে ফেলোশিপ প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

অধ্যাপক ডা. নুরুজ্জামান খান বাংলাদেশে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির প্রবর্তক হিসেবে পরিচিত। তিনি দেশ-বিদেশে চিকিৎসকদের এই বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আসছেন। আন্তর্জাতিক পর্যায়েও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে প্রশংসা অর্জন করেছেন।

চিকিৎসা ও গবেষণায় অবদানের জন্য তিনি বহু দেশীয় ও আন্তর্জাতিক সেমিনার, ওয়ার্কশপ এবং লাইভ সার্জারিতে অংশগ্রহণ করেছেন। তার অসংখ্য বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে।

ছাত্রজীবনেও নেতৃত্বগুণের পরিচয় দেন তিনি। ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নকালে ১৯৯৪-৯৫ সেশনে ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

২০০১ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের মাধ্যমে সরকারি চাকরিতে যোগদান করেন অধ্যাপক ডা. নুরুজ্জামান খান।

সহকর্মী ও শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে দেশের একমাত্র বিশেষায়িত নিউরোসায়েন্স হাসপাতাল আরও আধুনিক ও উন্নত চিকিৎসাসেবার মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছাবে।

Link copied!