প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৬:৪৫ পিএম
1699
৩০ মে ২০২৬, ১০:৫২ পিএম
টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে মোবাসির হোসেন (১২) ও মোস্তাফিজুর রহমান (৮) নামে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৭ মে) দুপুরে উপজেলার পানিয়াবান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত দুই শিশু একই পরিবারের সদস্য। তারা পানিয়াবান্দা গ্রামের বজলুর রহমান মজনুর ছেলে। স্থানীয় ইউপি সদস্য আলী আকবার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, রোববার সকাল থেকে দুই ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তাদের সন্ধান মেলেনি। পরে দুপুরের দিকে স্থানীয় কয়েকজন পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখতে পান। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন। শিশুদের আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন। স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আলী আকবার জানান, হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নেওয়া হয়েছে। মাগরিবের নামাজের পর তাদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, একই পরিবারের দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যু এলাকায় গভীর বেদনার সৃষ্টি করেছে। প্রতিবেশীরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।