প্রকাশিত: ১৯ মে ২০২৬, ১১:২৫ এএম
1721
০৬ জুন ২০২৬, ১০:৩২ এএম
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান ডিয়েগো শহরের একটি ইসলামিক সেন্টারের মসজিদে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইসলামিক সেন্টারের এক নিরাপত্তাকর্মীসহ মোট ৩ জন নিহত হয়েছেন। পরে হামলায় জড়িত দুই কিশোরের মরদেহও উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সময় সোমবার দুপুর ১২টার দিকে এই হামলার ঘটনা ঘটে। হামলার সময় ইসলামিক সেন্টারটিতে ক্লাসসহ নিয়মিত কার্যক্রম চলছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ইসলামিক সেন্টারের সঙ্গে সংশ্লিষ্ট তিনজন রয়েছেন। হামলার পর কিছু দূরে একটি গাড়ি থেকে দুই হামলাকারীর মরদেহ উদ্ধার করা হয়। তাদের একজনের বয়স ১৭ এবং অন্যজনের বয়স ১৯ বছর।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের ধারণা, হামলার পর তারা নিজেদের অস্ত্র দিয়েই আত্মহত্যা করেছে।
স্যান ডিয়েগোর শীর্ষ পুলিশ কর্মকর্তা স্কট ওয়াল জানান, হামলার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুসলিমদের প্রতি বিদ্বেষ ও ঘৃণাজনিত মনোভাব থেকেই এই হামলা চালানো হয়ে থাকতে পারে।
তিনি আরও বলেন, ঘটনার তদন্তে ইতোমধ্যে মার্কিন তদন্ত সংস্থা এফবিআইয়ের সহায়তা নেওয়া হয়েছে এবং হামলার পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।
যে ইসলামিক সেন্টারে হামলাটি হয়েছে, সেটি মূলত একটি ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান। এর অংশ হিসেবে থাকা মসজিদটি স্যান ডিয়েগোর অন্যতম বড় উপাসনালয় হিসেবে পরিচিত।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার সময় শিক্ষার্থীরা সেখানে উপস্থিত থাকলেও কোনো শিশু হতাহত হয়নি।
ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে শোক ও উদ্বেগ বিরাজ করছে।
মসজিদের ইমাম তাহা হাসান বলেন, “আমরা আগে কখনও এমন ভয়াবহ ঘটনার মুখোমুখি হইনি। একটি উপাসনালয়কে লক্ষ্য করে হামলা অত্যন্ত দুঃখজনক ও আতঙ্কজনক।”
ঈদুল আজহার কয়েক দিন আগে এমন হামলার ঘটনায় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে বলে জানা গেছে।