শনিবার ০৬, জুন ২০২৬

০৬ জুন ২০২৬, ১০:০৫ এএম

নোয়াখালীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ মে ২০২৬, ১২:৩৯ পিএম

1719

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মেলার উদ্বোধন করা হয়। ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং জেলা প্রশাসন ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আয়োজনে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলার উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। এটি আগামী ২১ মে পর্যন্ত অফিস চলাকালীন সময়ে চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটাল ভূমিসেবা পৌঁছে দিতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, ভূমি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি মানবসম্পদ উন্নয়ন, প্রশিক্ষণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করছে।

তিনি আরও জানান, ইতোমধ্যে ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন চালু, অনলাইন ফি আদায়, হটলাইন সেবা, ই-রেজিস্ট্রেশন, ডিজিটাল ভূমি রেকর্ড, স্মার্ট ভূমি নকশা ও ভূমিসেবা সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে। পাশাপাশি ভূমি আইন সংস্কারের কাজও চলছে।

জেলা প্রশাসক বলেন, মেলার সময় সাধারণ মানুষ ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন ভূমিসেবা ও তথ্য সরাসরি গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ হিসেবে পাঁচজন ভূমি মালিককে মোট ৩০ লাখ টাকার চেক প্রদান করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইয়াছিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোমায়রা ইসলামসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Link copied!