সোমবার ১৫, জুন ২০২৬

১৫ জুন ২০২৬, ১০:৩৪ পিএম

তিন দিনের সফরে রাশিয়া গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ০১:০২ পিএম

1703

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

তিন দিনের সফরে রাশিয়ার উদ্দেশে রোববার (৭ জুন) সকালে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের তথ্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া আজ সকালে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন। সফর শেষে আগামী ৯ জুন পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

কূটনৈতিক সং‌শ্লিষ্টরা বল‌ছেন, ম‌স্কো সফরকা‌লে খ‌লিলুর রহমান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের স‌ঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। বৈঠকে ঢাকা-ম‌স্কোর দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শ‌ক্তিশালী কর‌ার বিষ‌য়ে বিস্তারিত আলোচনা কর‌বেন তিনি। উল্লেখ্য, গত ফেব্রুয়া‌রি‌তে বিএন‌পি সরকার গঠ‌নের পর এটিই পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র উপ‌দেষ্টার প্রথম রা‌শিয়া সফর।

গত বৃহস্প‌তিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, খলিলুর রহমানের সঙ্গে গঠনমূলক ও ফলপ্রসূ সহযোগিতা অব্যাহত রাখতে রাশিয়া পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। এরই অংশ হিসেবে ৭ থেকে ৯ জুন এই রাশিয়া সফর অনুষ্ঠিত হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার অংশ হিসেবে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় খলিলুর রহমানকে একজন অভিজ্ঞ কূটনীতিক, আন্তর্জাতিক বিষয়াবলীতে দক্ষ ও বাস্তববাদী ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেছে।

রুশ বিবৃতিতে উল্লেখ করা হয়, বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ও গ্রহণযোগ্যতা যখন নানা আন্তর্জাতিক চ্যালেঞ্জের মুখোমুখি, তখন আন্তর্জাতিক প্রক্রিয়া সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীর গভীর জ্ঞান ও সমঝোতামূলক দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এছাড়া, বৈশ্বিক দক্ষিণ (Global South) ও পূর্বের দেশগুলোর স্বার্থ তুলে ধরা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গতি আনা, জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যকারিতা বৃদ্ধি এবং বৈশ্বিক ইস্যুতে জাতিসংঘের সমন্বয়মূলক ভূমিকা জোরদারের ক্ষেত্রে বাংলাদেশের উদ্যোগকে রাশিয়া স্বাগত জানায়।

Link copied!