প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০৯:১৩ এএম
1702
১৩ জুন ২০২৬, ১০:০০ এএম
স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মোঃ রফিকূল ইসলাম বক্তব্য রাখছেন
চিকিৎসকদের নিয়ে কটূক্তি, কর্মস্থলে চিকিৎসকদের ওপর হামলা এবং স্বাস্থ্যখাতকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদে রাজধানীর শাহবাগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন পর্যায়ের চিকিৎসকরা। প্রবল বৃষ্টি উপেক্ষা করে আয়োজিত এ কর্মসূচিতে দেশের বিভিন্ন হাসপাতাল, মেডিকেল কলেজ এবং বিশেষজ্ঞ চিকিৎসক সংগঠনের শত শত চিকিৎসক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা নিয়ে গঠনমূলক সমালোচনা, জবাবদিহিতা এবং প্রয়োজনীয় সংস্কারের দাবি অবশ্যই যৌক্তিক ও গ্রহণযোগ্য। তবে মিথ্যা তথ্য প্রচার, বিদ্বেষমূলক বক্তব্য, অপমানজনক ভাষা ব্যবহার এবং চিকিৎসকদের বিরুদ্ধে জনমনে নেতিবাচক ধারণা সৃষ্টি করার প্রচেষ্টা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, স্বাস্থ্যখাতে বিদ্যমান সমস্যা নিয়ে আলোচনা ও সমালোচনা হওয়া উচিত, যাতে সেবার মান আরও উন্নত করা যায়। তবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চিকিৎসকদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হলে তা স্বাস্থ্যসেবার সামগ্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
তিনি আরও বলেন, চিকিৎসকদের বিরুদ্ধে সংগঠিতভাবে কোনো অপপ্রচার কার্যক্রম পরিচালিত হচ্ছে কি না, সে বিষয়ে প্রয়োজন হলে তদন্ত করা যেতে পারে। এ ধরনের কর্মকাণ্ডের পেছনে কোনো বিশেষ স্বার্থসংশ্লিষ্ট পক্ষ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বলেন, দেশের স্বাস্থ্যখাতকে দুর্বল করার যেকোনো প্রচেষ্টা জাতীয় স্বার্থের পরিপন্থী। চিকিৎসক ও রোগীকে মুখোমুখি অবস্থানে দাঁড় করানোর পরিবর্তে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতে হবে। কারণ চিকিৎসক ও রোগী উভয়ের লক্ষ্যই মানুষের জীবন রক্ষা এবং মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা সাম্প্রতিক সময়ে চিকিৎসক সমাজকে নিয়ে দেওয়া কিছু বক্তব্যের সমালোচনা করেন এবং সেগুলোকে চিকিৎসক সমাজের মর্যাদাহানিকর বলে উল্লেখ করেন। তারা সংশ্লিষ্ট বক্তব্য প্রত্যাহার এবং প্রকাশ্যে দুঃখ প্রকাশের আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে চিকিৎসকদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য বা অপপ্রচার রোধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিও জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএমইউর প্রো-ভিসি অধ্যাপক ডা. নজরুল ইসলাম, ওজিএসবির সভাপতি অধ্যাপক ডা. ফিরোজা বেগম, ঢাকা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মুসাররাত সুলতানা, ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফুল ইসলাম সেলিম, কার্ডিয়াক সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. শফিউদ্দিন, রেডিওলজি ও ইমেজিং বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মিয়া ওয়াহিদুজ্জামান, অধ্যাপক ডা. জাকারিয়া আল আজিজ, সহযোগী অধ্যাপক ডা. লোহানী তাজুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. মাহমুদুর রহমান নোমান, সহযোগী অধ্যাপক ডা. সামী আল হাসান ইমন, সহযোগী অধ্যাপক ডা. মির্জা আসাদুজ্জামান রতন, ডা. তৌহিদুর রহমান আওয়াল, ডা. মমি আনসারীসহ আরও অনেকে।
মানববন্ধনে অবস অ্যান্ড গাইনি সোসাইটি, সোসাইটি অব মেডিসিন, সোসাইটি অব রেডিওলজি, কার্ডিয়াক সোসাইটি অব বাংলাদেশ, বাংলাদেশ ইএনটি সোসাইটি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জন্স, সোসাইটি অব সার্জন্সসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, চিকিৎসক-রোগী সম্পর্ককে আরও আস্থাভিত্তিক করা এবং স্বাস্থ্যখাতকে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার থেকে সুরক্ষিত রাখা এখন সময়ের গুরুত্বপূর্ণ দাবি। একই সঙ্গে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সব পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।