প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ১২:৪৭ এএম
1705
০৬ জুন ২০২৬, ০৬:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদের (সিএফএম) জরুরি অধিবেশনের ফাঁকে এই বৈঠকটি হয়।
রোববার (১১ জানুয়ারি) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, ওআইসির জরুরি অধিবেশনের সাইডলাইনে ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে উভয় পক্ষ পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের দৃঢ়তা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
আলোচনায় দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়, বাণিজ্য সম্প্রসারণ এবং শিক্ষা খাতে সহযোগিতাসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় গুরুত্ব পায়। পাশাপাশি তারা আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়েও মতবিনিময় করেন।
এর আগে গত ৭ জানুয়ারি রাতে টেলিফোনে কথা বলেন ইসহাক দার ও মো. তৌহিদ হোসেন। তারও আগে ৪ জানুয়ারি তাদের মধ্যে আরেক দফা ফোনালাপ হয়। ওই সময় চীন থেকে ঢাকায় অবস্থানরত পররাষ্ট্র উপদেষ্টাকে ফোন করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।