প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পিএম
2008
শনিবার ১৮, এপ্রিল ২০২৬ -- : -- --
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে থানা পুলিশ ঘটনাটি নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব এলাকায় সোমবার এই ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি আব্দুস ছাত্তার পাটোয়ারী (৫০), তিনি ওই এলাকার মৃত মাসুদ পাটোয়ারীর ছেলে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সোমবার বিকেলে স্কুল থেকে ফিরে শিশুটি বাড়ির আঙিনায় খেলছিল। এ সময় অভিযুক্ত তাকে ডেকে নিয়ে যায় এবং ৫০০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে রাস্তার পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করে।
শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। পরে এলাকাবাসী শিশুটির কাছ থেকে বিস্তারিত জেনে অভিযুক্তের বাড়ি ঘেরাও করে।
সন্ধ্যার দিকে অভিযুক্তকে তার ভাইয়ের বাড়ির শয়নঘরের ছাদের ওপর লুকিয়ে থাকতে দেখা যায়। সেখান থেকে তাকে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে হস্তান্তর করে।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীন মোহাম্মদ আমানুল্লাহ জানান, অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।