প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ১১:১১ এএম
2003
শনিবার ১৮, এপ্রিল ২০২৬ -- : -- --
শেরপুর-৩ আসনের নির্বাচনে কঠোর নিরাপত্তা
স্থগিত হওয়া শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুরো নির্বাচনী এলাকাকে নিরাপত্তার চাদরে আচ্ছাদিত করা হয়েছে। ইতোমধ্যে ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
শেরপুর-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন। এর মধ্যে শ্রীবরদী উপজেলায় ২ লাখ ৫২ হাজার ৬০৪ জন এবং ঝিনাইগাতী উপজেলায় ১ লাখ ৬০ হাজার ৭৭৩ জন ভোটার রয়েছেন।
এই আসনের ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১২৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে ৬ জন পুলিশ সদস্য ও ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে মাঠে থাকবেন প্রায় ১১৫০ জন পুলিশ সদস্য, ১৬ প্লাটুন বিজিবি, ১৪টি র্যাব টিমের ১৩৫ সদস্য এবং ১৭০৪ জন আনসার সদস্য। এছাড়া ১৪ জন ম্যাজিস্ট্রেট ও ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। নির্বাচন পর্যবেক্ষণে নিয়োজিত থাকবেন নির্বাচন কমিশনের স্থানীয় ১৮ জন কর্মকর্তা।
এরই মধ্যে ৭ এপ্রিল সকাল থেকে সব ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ রয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, নির্বাচনকে সর্বমহলে গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না।