প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পিএম
2013
রবিবার ১৯, এপ্রিল ২০২৬ -- : -- --
তারাকান্দা এলাকায় একই সময়ে বিএনপির দুই পক্ষের বিক্ষোভ মিছিল ডাকাকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রোববার (১৯ এপ্রিল) দুপুরে এ সিদ্ধান্ত নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম।
প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, তারাকান্দা বাজার ও আশপাশের এলাকায় দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত এবং পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রিত হওয়া নিষিদ্ধ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মাইকিং করে জনসাধারণকে বিষয়টি জানায়।
উপজেলা প্রশাসন জানায়, একই সময়ে বিএনপির দুই পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়। এ কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক নির্বাচনের পর থেকেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে মোতাহার হোসেন তালুকদার এবং জোবায়েদ হোসেন–এর অনুসারীদের মধ্যে দ্বন্দ্ব স্পষ্ট হয়ে ওঠে।
পুলিশ জানায়, যুবদল কর্মী কামরুজ্জামান রিয়াদ আহত হওয়ার প্রতিবাদে এক পক্ষ মিছিলের ডাক দেয়। একই সময়ে অন্য পক্ষ পাল্টা মিছিলের ঘোষণা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে মোতাহার হোসেন তালুকদার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে এমন আশঙ্কায় তিনি নিজ দলের নেতাকর্মীদের কর্মসূচি থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন।
অন্যদিকে, তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানবীর আহম্মেদ জানান, ১৪৪ ধারা জারির ফলে কোনো ধরনের জমায়েত হবে না এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।