প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১২:২৭ পিএম
1684
০১ মে ২০২৬, ০৪:০৬ পিএম
চট্টগ্রামের ফটিকছড়িতে এক কিশোর কেয়ারটেকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে তার মোবাইলে বিরহের গান বাজছিল।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একটি মুরগির খামার থেকে রতন ত্রিপুরা (১৭) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের টাইগার ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রতন ত্রিপুরা খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার বাসিন্দা। গত দেড় বছর ধরে তিনি ওই এলাকার একটি খামারে কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন।
খামারের মালিক জানান, রাতে একাধিকবার ফোন করেও রতনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে খামারে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তার পকেটে থাকা মোবাইল ফোনে একটি বিরহের গান বাজছিল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ফটিকছড়ি থানার পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে রতন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
পুলিশ আরও জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং খামারের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।