শুক্রবার ০১, মে ২০২৬

০১ মে ২০২৬, ০৬:৩৮ এএম

পদ্মা নদীতে পুলিশের ওপর সন্ত্রাসী হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১১:১১ এএম

1686

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে টহলরত পুলিশের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের অতর্কিত হামলায় নৌ ফাঁড়ির ইনচার্জসহ পাঁচ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে কুষ্টিয়ার হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে।


আহতরা হলেন—ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা নৌ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) খন্দকার শফিকুল ইসলাম এবং পুলিশ সদস্য এনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান ও মানিক মিয়া। তারা সবাই একই নৌ ফাঁড়িতে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে নৌ পুলিশের একটি দল রাতের টহলে বের হয়। টহলরত অবস্থায় তারা কুষ্টিয়ার হরিপুর এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা সশস্ত্র একটি দল পুলিশের ওপর গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা জবাব দিলে উভয় পক্ষের মধ্যে কিছু সময় গোলাগুলি চলে। এতে ওসিসহ পাঁচ সদস্য গুলিবিদ্ধ হন।
ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত এনামুল হকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যরা পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান জানান, হামলার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।

Link copied!