প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পিএম
1684
০১ মে ২০২৬, ০৫:০৮ পিএম
বাংলাদেশ নারী হকি দল আন্তর্জাতিক অঙ্গনে নতুন ইতিহাস গড়েছে। এশিয়ান গেমস হকি টুর্নামেন্টের বাছাইপর্বে প্রথমবার অংশ নিয়েই নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে শুক্রবার (২৪ এপ্রিল) নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এর আগে প্রথম ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে ড্র করে শুভ সূচনা করেছিল দলটি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় এগিয়ে যায় বাংলাদেশ। ১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন শারিকা রিমন। তবে এক মিনিটের ব্যবধানে উজবেকিস্তান গোল করে সমতা ফেরায়। পরে ২৪ মিনিটে কনা আক্তারের গোলের মাধ্যমে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে রিয়া পেনাল্টি কর্নার থেকে আরও একটি গোল করে ব্যবধান ৩-১ করেন। চতুর্থ কোয়ার্টারের শুরুতে উজবেকিস্তান আরেকটি গোল করলেও শেষ পর্যন্ত রক্ষণাত্মক কৌশলে লিড ধরে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আইরিন আক্তার রিয়া ম্যাচ সেরা নির্বাচিত হন। তিনি বলেন, দলের সম্মিলিত প্রচেষ্টার কারণেই এই সাফল্য এসেছে।
এই জয়ের ফলে ‘এ’ গ্রুপে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার্সআপ হতে পারলেই সেমিফাইনালে খেলার সুযোগ পাবে দলটি। আর সেমিফাইনালে পৌঁছালে এশিয়ান গেমসের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ।
পরবর্তী ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। সেই ম্যাচে ড্র করলেই এশিয়ান গেমসে জায়গা নিশ্চিত করতে পারবে তারা। নারী হকির এই সাফল্যে উচ্ছ্বসিত দেশের ক্রীড়াঙ্গন।