প্রকাশিত: ০১ মে ২০২৬, ০৪:৩৪ পিএম
1692
০১ মে ২০২৬, ০৫:৫৯ পিএম
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা-তে বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানিসহ বিভিন্ন দেশের মোট ২৩১ জন নাগরিককে আটক করেছে পুলিশ। অবৈধ অভিবাসন রোধে চালানো বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয় বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
উগান্ডার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত সোমবার ও মঙ্গলবার পৃথক অভিযানে রাজধানী কাম্পালা এবং দেশের উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। প্রথমে নাইজেরীয় নাগরিকদের লক্ষ্য করে অভিযান শুরু হলেও পরে বিভিন্ন এলাকায় থাকা বিদেশিদের আটক করা হয়।
আটকদের মধ্যে ১৬৯ জন পুরুষ ও ৬২ জন নারী রয়েছেন। বাংলাদেশ, ভারত ও পাকিস্তান ছাড়াও ঘানা, মিয়ানমার, ইথিওপিয়া, শ্রীলঙ্কা, কম্বোডিয়া ও মালয়েশিয়ার নাগরিকরাও রয়েছেন।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেখা গেছে—অনেক বিদেশি বৈধ কাগজপত্র ছাড়াই উগান্ডায় বসবাস ও কাজ করছেন। আটকদের অনেকের কাছ থেকে পাসপোর্ট বা বৈধ আবাসনের নথিও পাওয়া যায়নি।
আরও জানানো হয়, কিছু ব্যক্তি দাবি করেছেন যে তাদের চাকরির প্রতিশ্রুতি দিয়ে উগান্ডায় আনা হয়েছিল। অন্যদিকে কয়েকজন সাইবার প্রতারণাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে সন্দেহ করা হচ্ছে।
উগান্ডার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইমন পিটার মুন্ডেয়ি জানান, আটক ব্যক্তিদের তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে—পাচারের শিকার, ভিসার মেয়াদ শেষ হওয়া ব্যক্তি এবং সন্দেহভাজন অপরাধী। তাদের পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরও বলেন, যারা পাচারের শিকার বা ভিসার মেয়াদ শেষ হওয়ার পর কোনো অপরাধে জড়িত নন, তাদের দেশে ফেরত যেতে সহায়তা করা হবে। তবে যাদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, উগান্ডা সাধারণত বিদেশিদের জন্য স্বাগতপূর্ণ দেশ হিসেবে পরিচিত। প্রতিবেশী দেশগুলোর সংঘাত থেকে পালিয়ে আসা বহু মানুষ সেখানে আশ্রয় নেয়। এছাড়া অনেক দেশের নাগরিকরা স্বল্পমেয়াদে ভিসা ছাড়াও দেশটিতে ভ্রমণ করতে পারেন।