প্রকাশিত: ০১ মে ২০২৬, ০৪:৪৫ পিএম
1692
০১ মে ২০২৬, ০৬:০১ পিএম
মৌলভীবাজারের কুলাউড়া থানায় এক উপপরিদর্শককে (এসআই) খামের ভেতরে ৪০ হাজার টাকা ঘুষ দেওয়ার অভিযোগে নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে স্বামীর বিদেশযাত্রা ঠেকানোর চেষ্টা করতে গিয়ে এ ঘটনার সূত্রপাত হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ভবানীপুর গ্রামের মইনুল ইসলাম চৌধুরী ওরফে সামাদ (৩২) এবং একই ইউনিয়নের আবদুলপুর গ্রামের জেসমিন আক্তার (৩৭)।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, জেসমিন আক্তারের সঙ্গে তার সৌদি প্রবাসী স্বামীর দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। বর্তমানে তারা আলাদা বসবাস করছিলেন। স্বামী মাহতাব উদ্দিন সৌদি আরব ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তাকে বিদেশযাত্রা থেকে বিরত রাখতে জেসমিন আক্তার মইনুল ইসলামকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার দুপুরে কুলাউড়া থানায় যান।
এ সময় থানায় সিলেট রেঞ্জের ডিআইজির পরিদর্শন কার্যক্রম চলছিল এবং মৌলভীবাজারের পুলিশ সুপারও উপস্থিত ছিলেন। ওই অবস্থায় তারা এসআই ফরহাদ মাতব্বরের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে থাকেন।
এক পর্যায়ে মইনুল ইসলাম একটি খামের মধ্যে ৪০ হাজার টাকা রেখে এসআইয়ের হাতে দেন। বিষয়টি বুঝতে পেরে এসআই খাম খুলে টাকা দেখতে পান। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে টাকা জব্দ করা হয় এবং দুজনকে আটক করা হয়।
পরবর্তীতে এসআই ফরহাদ মাতব্বর বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন। মামলায় সরকারি কাজে প্রভাবিত করতে ঘুষ দেওয়ার চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে।
এসআই ফরহাদ মাতব্বর জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে।