শুক্রবার ০১, মে ২০২৬

০১ মে ২০২৬, ০৫:০৮ পিএম

প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘুষি মেরে আর্জেন্টাইন গোলরক্ষক ১৩ ম্যাচ নিষিদ্ধ

খেলা ডেস্ক

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১১:৪১ এএম

1690

স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় বিভাগে রিয়াল জারাগোজা ও হুয়েস্কার ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর আর্জেন্টাইন গোলরক্ষক এস্তেবান আন্দ্রাদা ১৩ ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন। ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘুষি মারার ঘটনায় এই কঠোর শাস্তি দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

ম্যাচটি অনুষ্ঠিত হয় রোববার আরাগোনেস ডার্বিতে। ইনজুরি সময়ের শেষ মুহূর্তে টাচলাইনের কাছে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এ সময় হুয়েস্কার ডিফেন্ডার জর্জ পুলিদোর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে জারাগোজা গোলরক্ষক এস্তেবান আন্দ্রাদা তাকে ধাক্কা দেন, ফলে পুলিদো মাটিতে পড়ে যান।

ঘটনার পর রেফারি আন্দ্রাদাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। তবে মাঠ ছাড়ার সময়ও তিনি নিয়ন্ত্রণ হারান এবং প্রতিপক্ষ খেলোয়াড়কে সজোরে ঘুষি মারেন। এতে মাঠে থাকা দুই দলের খেলোয়াড় ও স্টাফদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়।

পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন হুয়েস্কার গোলরক্ষক দানি জিমেনেজও আন্দ্রাদার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং তাকে আঘাত করেন। ঘটনাটির পর রেফারি দানি জিমেনেজ এবং জারাগোজার দানি তাসেন্দেওকে লাল কার্ড দেখান।

ম্যাচে হুয়েস্কা ১-০ গোলে জয় পায়। তবে এই ম্যাচের ফলাফলের চেয়ে মাঠের বিশৃঙ্খল ঘটনাই বেশি আলোচনায় আসে।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানায়, আন্দ্রাদার আচরণ ছিল আক্রমণাত্মক ও শাস্তিযোগ্য অপরাধ। তাই তাকে লাল কার্ডের কারণে ১ ম্যাচ এবং প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘুষি মারার ঘটনায় অতিরিক্ত ১২ ম্যাচসহ মোট ১৩ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ক্লাব জারাগোজা ও খেলোয়াড়কেও আর্থিক জরিমানা করা হয়েছে।

ঘটনার পর আন্দ্রাদা নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, মাঠে ঘটে যাওয়া ঘটনার জন্য তিনি অনুতপ্ত এবং এটি তার পেশাদার জীবনের জন্য একটি ভুল উদাহরণ। তিনি প্রতিপক্ষ খেলোয়াড় জর্জ পুলিদোর কাছেও ক্ষমা চান এবং ভবিষ্যতে এমন আচরণ না করার প্রতিশ্রুতি দেন।

Link copied!