মঙ্গলবার ১৬, জুন ২০২৬

১৬ জুন ২০২৬, ০২:০৩ এএম

গত নির্বাচনে ইসলামের স্বার্থে সমঝোতা ত্যাগ করেছিলাম: ফয়জুল করীম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১ মে ২০২৬, ০৫:০৫ পিএম

1717

ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, গত নির্বাচনে ইসলামের স্বার্থে তারা রাজনৈতিক সমঝোতা থেকে সরে এসেছিলেন। তিনি বলেন, শ্রমিকসহ সব শ্রেণির মানুষই রাষ্ট্রীয়ভাবে দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার।
শুক্রবার (১ মে) সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করীম বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগ আরও জোরদার করতে হবে। তিনি শ্রমিকদের জন্য রাষ্ট্রীয়ভাবে পৃথক কার্ড ব্যবস্থার দাবি জানান। তার মতে, এই কার্ডের মাধ্যমে শ্রমিকদের চিকিৎসা, খাদ্য ও আবাসন নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি বলেন, “শ্রমিকরা সব সময়ই অবহেলিত ও নির্যাতিত। রাষ্ট্রের উচিত তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “বিগত নির্বাচনে ইসলামের স্বার্থে আমরা সমঝোতা ত্যাগ করেছিলাম।” একই সঙ্গে তিনি দাবি করেন, কিছু রাজনৈতিক শক্তি ইসলামকে উপেক্ষা করে গোপন আঁতাতে লিপ্ত ছিল, যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রকাশ্য ও স্বচ্ছ অবস্থান নিয়েছে।
তিনি আরও বলেন, ইসলামের জন্য রাজনৈতিক স্বার্থ ত্যাগ করার নজির তারা রেখেছেন এবং দলটি কোনো গোপন রাজনীতি করে না।
সংসদে চলমান রাজনৈতিক বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, পুরোনো মুক্তিযুদ্ধ বনাম রাজাকার ইস্যু আবার সামনে আনা হচ্ছে, যা জাতিকে বিভ্রান্ত করতে পারে। বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর অবস্থান পরিষ্কার হওয়া উচিত—তারা শরিয়াহর পক্ষে নাকি প্রচলিত শাসন ব্যবস্থার পক্ষে।
শিক্ষা খাত প্রসঙ্গে ফয়জুল করীম বলেন, প্রাথমিক বিদ্যালয়ে কওমি মাদরাসা থেকে ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রয়োজন রয়েছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, দেশে নতুন করে ‘জঙ্গি নাটক’ তৈরি করা হচ্ছে, যা বন্ধ করা উচিত।

Link copied!