প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১০:২১ এএম
1720
১৫ জুন ২০২৬, ০৯:৩১ পিএম
পবিত্র হজ পালন করতে গিয়ে শামসুল আলম (৬৩) নামে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তিনি গত মঙ্গলবার (২৮ এপ্রিল) সৌদি আরবের স্থানীয় সময় রাত ৮টার দিকে ইন্তেকাল করেন।
মৃত শামসুল আলম রংপুর জেলার কোতোয়ালি মেট্রো থানার ভোগিবালাপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম আজিজুল ইসলাম এবং মাতার নাম শামসুন নাহার। তিনি সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান।
বাংলাদেশ হজ অফিস, মদিনা সূত্রে জানা গেছে, গত ২৮ এপ্রিল শারীরিক দুর্বলতা ও অসুস্থতা নিয়ে তিনি হজ অফিসের মেডিকেল সেন্টারে চিকিৎসা নিতে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানীয় মালিক ফাহাদ হাসপাতালে পাঠানো হয়।
পরবর্তীতে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বুধবার ফজরের নামাজ শেষে জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ নিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত মোট সাতজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।