প্রকাশিত: ০১ মে ২০২৬, ০৫:১৪ পিএম
1676
০১ মে ২০২৬, ০৭:০০ পিএম
ঝিনাইদহের কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মানিক চৌধুরী (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শুক্রবার (১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাবরা-দুলাল মুন্দিয়া গ্রামীণ সড়কের বাবরা গ্রামের দক্ষিণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মানিক চৌধুরী উপজেলার পুকুরিয়া গ্রামের উলফাত চৌধুরীর ছেলে। তিনি সিমলা রোকনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরীর ভাইপো। আহত হৃদয় হোসেন (২০) কালীগঞ্জ পৌরসভার বাবরা গ্রামের এনামুল ড্রাইভারের ছেলে। বর্তমানে তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, দুটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই চালকই সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার সময় তাদের কারো মাথায় হেলমেট ছিল না বলে স্থানীয়রা জানান।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে মানিক চৌধুরীর অবস্থার অবনতি হলে তাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে একজন যশোরে মারা গেছেন এবং অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।