সোমবার ২৫, মে ২০২৬

২৫ মে ২০২৬, ০৭:০৩ এএম

নাগরপুরে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে কারাদণ্ড

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ মে ২০২৬, ১২:১৭ পিএম

1691

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে চার ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার সহবতপুর ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শুক্রবার (১৫ মে) রাতে নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— ময়মনসিংহের মুক্তাগাছা এলাকার মো. সবুজ মিয়া (২৪) ও মো. লুতফর হোসেন (২৪), টাঙ্গাইল পৌরসভার কাজিপুর এলাকার মো. শাওন মিয়া (১৯) এবং ময়মনসিংহ সদরের বিদ্যাগঞ্জ এলাকার মো. রাকিব (১৮)।

উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফান উদ্দিন বলেন, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ বালু উত্তোলন এবং মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

স্থানীয়রা জানান, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীভাঙন, কৃষিজমির ক্ষতি এবং পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়। তাই প্রশাসনের এমন পদক্ষেপকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন।

Link copied!