সোমবার ২৫, মে ২০২৬

২৫ মে ২০২৬, ০৮:২৩ এএম

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০১:১৮ পিএম

1691

সাতক্ষীরা সদর উপজেলায় চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষীদাড়ি গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৬ বছর আগে তাছলিমা খাতুন (৩৫)-এর সঙ্গে সাদ্দাম হোসেনের বিয়ে হয়। দম্পতির এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। নিহত তাছলিমা চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

নিহতের মেয়ে সাদিয়া সুলতানা (১২) জানায়, তার বাবা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই তার মায়ের সঙ্গে ঝগড়া ও নির্যাতন করতেন। ঘটনার রাতে সে, তার ছোট ভাই এবং দাদি পাশের কক্ষে ঘুমিয়ে ছিল। রাতের এক পর্যায়ে তারা মায়ের গোঙানির শব্দ শুনে ঘরে গিয়ে দেখেন তাছলিমা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা নুরুজ্জামান অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তার মেয়ের ওপর শারীরিক নির্যাতন চলছিল। নেশার টাকার জন্য প্রায়ই মারধর করা হতো বলেও তিনি দাবি করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Link copied!