সোমবার ২৫, মে ২০২৬

২৫ মে ২০২৬, ০৯:৩৬ এএম

কলাপাড়ায় সৌদি প্রবাসী নারীর রহস্যজনক মৃত্যু, স্বামী ঘটনার পর থেকেই পলাতক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ মে ২০২৬, ১২:২৮ পিএম

1687

পটুয়াখালীর কলাপাড়ায় মরিয়ম বেগম (৩৮) নামের এক সৌদি প্রবাসী নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকেই তার স্বামী নাসির সিকদার পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের দারোগারতবক এলাকার নিজ বাড়ি থেকে মরিয়ম বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মরিয়ম বেগম দীর্ঘ আট বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি মাত্র আট দিন আগে দেশে ফেরেন। দেশে ফেরার পর থেকেই স্বামী নাসির সিকদারের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।

স্থানীয়দের ভাষ্যমতে, রোববার সন্ধ্যায় নাসির সিকদার স্ত্রীর কাছে অর্থ দাবি করলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাতে তারা একই ঘরে অবস্থান করেন।

পরদিন ভোররাতে নাসির সিকদার শ্বশুরকে ফোন করে জানান যে মরিয়ম আত্মহত্যা করেছেন। এরপর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

সকালে স্থানীয়রা বাড়ির আঙিনায় মরিয়মের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

Link copied!