প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পিএম
2002
শনিবার ১৮, এপ্রিল ২০২৬ -- : -- --
গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় থাকার কারণেই বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলী গুমের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরচালক দলের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে বিএনপি। জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়া প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দলের নেতৃত্ব গ্রহণ করেন এবং ধারাবাহিকভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যান। তিনি বলেন, নানা বাধা ও সংকটের মধ্যেও খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে দেশে গণতন্ত্রের চর্চা ব্যাহত করার চেষ্টা হয়েছে এবং বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেও বিএনপি সব সময় জনগণের অধিকার ও স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে।
নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, গণতন্ত্র ও অধিকার আদায়ের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণেই তাকে গুম করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
জয়নুল আবদিন ফারুক আরও উল্লেখ করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সীমান্তে হত্যাকাণ্ড, পানির ন্যায্য হিস্যা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে বিএনপি সব সময় সোচ্চার থেকেছে। তিনি বলেন, আন্দোলন, সংগ্রাম, কারাবরণ এবং ত্যাগের মধ্য দিয়েই দলটি বর্তমান অবস্থানে পৌঁছেছে।