প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পিএম
1686
০১ মে ২০২৬, ০৫:০৫ পিএম
গণপিটুনির ঘটনা বাড়ায় উদ্বেগ জানিয়ে রুমিন ফারহানা বলেছেন, দেশে জননিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।
রুমিন ফারহানা দেশে একের পর এক ‘মব জাস্টিস’ বা গণপিটুনির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মন্তব্য করেন, গত দেড় বছরে দেশ কার্যত ‘মবের শহরে’ পরিণত হয়েছে।
সোমবার জাতীয় সংসদে নোটিশ উত্থাপন করে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন কায়সার কামাল।
রুমিন ফারহানা বলেন, বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর থেকে শুরু করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি—কোথাও জননিরাপত্তা নিশ্চিত নেই। বরিশাল আদালত প্রাঙ্গণ ও সুপ্রিম কোর্টের লয়ার্স রুমেও মবের ঘটনা ঘটেছে, যা বিচারব্যবস্থার মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করছে।
তিনি আরও বলেন, দ্য ডেইলি স্টার অফিসে হামলা, চট্টগ্রামে ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে হত্যা এবং কুষ্টিয়ায় অভিযোগকারীকে মারধরের মতো ঘটনাগুলো সামাজিক অবক্ষয়ের চিত্র তুলে ধরে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, সরকার বারবার আশ্বাস দিলেও বাস্তবে মব কালচার বন্ধ হয়নি। মানুষ ন্যায়বিচার না পেলে এ ধরনের নৈরাজ্য বাড়ে।
তিনি বলেন, দেশে হতাশা, ক্ষোভ ও বৈষম্য বেড়েছে এবং বিচারহীনতার সংস্কৃতি এই পরিস্থিতির জন্য দায়ী। চট্টগ্রামে দেড় বছর আগে ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ডের বিচার এখনো না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
রুমিন ফারহানা আরও বলেন, দৃষ্টান্তমূলক শাস্তির অভাবই মব কালচারকে উস্কে দিচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।