শুক্রবার ০১, মে ২০২৬

০১ মে ২০২৬, ০৭:০৪ পিএম

বিশ্বকাপের টিকিট বিক্রি বাড়াতে নতুন উদ্যোগ ফিফার

খেলা ডেস্ক

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১০:৫৩ এএম

1686

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে টিকিট বিক্রিতে নতুন পদক্ষেপ নিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সম্প্রতি উচ্চমূল্যের নতুন ক্যাটাগরি চালুর পর ভক্তদের অসন্তোষ তৈরি হলেও এবার আরও বেশি টিকিট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।


মঙ্গলবার এক ঘোষণায় ফিফা জানায়, বুধবার বাংলাদেশ সময় রাত ৯টা থেকে শুরু করে বিশ্বকাপের মোট ১০৪টি ম্যাচের জন্য নতুন করে টিকিট বিক্রি করা হবে। আগের ১, ২ ও ৩ নম্বর ক্যাটাগরির পাশাপাশি এবার যুক্ত করা হয়েছে ‘ফ্রন্ট ক্যাটাগরি’ নামের নতুন একটি বিভাগ।
নতুন ক্যাটাগরি চালুর পর অনেক সমর্থক অভিযোগ করেন, তারা যে টিকিট কিনেছেন তার চেয়ে ভালো আসনের টিকিট আগে থেকেই সংরক্ষণ করা হয়েছিল। ফলে তুলনামূলক কম সুবিধাজনক আসন পেয়েছেন তারা।
এর আগে ডিসেম্বর মাসে ক্যাটাগরি-৩ এর টিকিট বিক্রি শুরু করে ফিফা। সে সময় প্রথম রাউন্ড থেকে ফাইনাল পর্যন্ত টিকিটের দাম ছিল ১৪০ ডলার থেকে শুরু করে ৮,৬৮০ ডলার পর্যন্ত। তবে ১ এপ্রিল দ্বিতীয় দফায় বিক্রি শুরু হলে সর্বোচ্চ মূল্য বেড়ে দাঁড়ায় ১০,৯৯০ ডলারে।
নতুন ক্যাটাগরি যুক্ত করার বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ফিফা। তবে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে, কিছু ম্যাচে প্রত্যাশা অনুযায়ী টিকিট বিক্রি হয়নি।
এক প্রতিবেদনে জানানো হয়, আগামী ১২ জুন ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের ম্যাচের টিকিট বিক্রি তুলনামূলক কম। ওই ম্যাচের জন্য প্রায় ৪০ হাজার ৯৩৪টি টিকিট বিক্রি হয়েছে। একইভাবে ইরান ও নিউজিল্যান্ডের ম্যাচে বিক্রি হয়েছে প্রায় ৫০ হাজার ৬৬১টি টিকিট।
ফিফা জানিয়েছে, সংশ্লিষ্ট ভেন্যুতে মোট আসনসংখ্যা প্রায় ৬৯ হাজার ৬৫০ হতে পারে, যদিও তা পরিবর্তনযোগ্য।
ডিসেম্বরে নির্ধারিত মূল্য অনুযায়ী যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে ম্যাচের টিকিট ছিল ১,১২০ থেকে ২,৭৩৫ ডলারের মধ্যে। অন্যদিকে ইরান-নিউজিল্যান্ড ম্যাচের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছিল ১৪০ থেকে ৪৫০ ডলারের মধ্যে।

Link copied!