প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পিএম
1699
০১ মে ২০২৬, ০৫:০৪ পিএম
আখতার হোসেন
বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত সরাসরি রেলপথ নির্মাণ করা হলে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, এই রেললাইন বাস্তবায়িত হলে প্রায় ১২০ কিলোমিটার অতিরিক্ত পথ কমবে এবং যাত্রীদের সময় সাশ্রয় হবে প্রায় চার ঘণ্টা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ২০তম দিনের বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, উত্তরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে যোগাযোগ বৈষম্যের শিকার। ঢাকা থেকে রংপুর ও বগুড়াগামী যাত্রীদের বর্তমানে অতিরিক্ত পথ ঘুরে যেতে হয়, যার ফলে সময় ও খরচ দুটোই বেড়ে যায়। বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত সরাসরি রেলপথ না থাকায় ঢাকা–উত্তরবঙ্গ রুটে প্রায় ৪০০ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়।
তিনি আরও বলেন, “এই রেললাইন নির্মিত হলে ঢাকা থেকে বগুড়ার দূরত্ব প্রায় ২৮০ কিলোমিটারে নেমে আসবে। একইভাবে ঢাকা থেকে রংপুর রুটেও উল্লেখযোগ্যভাবে দূরত্ব কমবে।”
সংসদ সদস্য বলেন, বর্তমানে সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় সরাসরি রেল সংযোগ না থাকায় যাত্রীদের নওগাঁ, নাটোর ও পাবনা হয়ে ঘুরে যেতে হয়, যা সময় ও জ্বালানি ব্যয় বাড়িয়ে দিচ্ছে। প্রস্তাবিত রেললাইনটির দৈর্ঘ্য প্রায় ৭০ থেকে ৮০ কিলোমিটার হলে সামগ্রিকভাবে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বড় উন্নয়ন ঘটবে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, “এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের কোটি কোটি মানুষ উপকৃত হবে। কৃষিপণ্য দ্রুত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরিবহন করা সম্ভব হবে, ফলে পরিবহন ব্যয় কমবে এবং অর্থনৈতিকভাবে অঞ্চলটি আরও শক্তিশালী হবে।”
আখতার হোসেন আরও বলেন, উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা যেমন রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, জয়পুরহাট ও বগুড়ার মানুষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ প্রকল্প হতে পারে।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কাউনিয়া ও পীরগাছা অঞ্চলের বিদ্যমান রেল স্টেশনগুলো আধুনিকায়নের পাশাপাশি বগুড়া–সিরাজগঞ্জ সরাসরি রেললাইন দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।