শুক্রবার ০১, মে ২০২৬

০১ মে ২০২৬, ০৫:৪৮ এএম

মে দিবসে রাজধানীতে বড় সমাবেশের ঘোষণা বিএনপির

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ১০:৫৫ এএম

1684

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বড় সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন প্রস্তুতি কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি জানান, শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন। এছাড়া বিএনপি ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন।

নজরুল ইসলাম খান বলেন, শ্রমজীবী মানুষের মজুরি, কর্মক্ষেত্রের নিরাপত্তা, স্বাস্থ্য ও জীবন-জীবিকার নিশ্চয়তার মতো মৌলিক দাবি এখনো পূরণ হয়নি। এসব দাবি আদায়ের লক্ষ্যে শ্রমিক দল আন্দোলন চালিয়ে যাবে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন শ্রমিকদের অধিকার নিশ্চিতে কিছু উদ্যোগ নেওয়া হলেও এখনো আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। দলের নির্বাচনী ইশতেহারে দেওয়া শ্রমজীবী মানুষের প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

নেতা জানান, কৃষিশ্রমিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে ঋণ মওকুফের বিষয়টি রয়েছে। পাশাপাশি শ্রম আইন সংশোধনের উদ্যোগ শ্রমিকদের জন্য সহায়ক হলেও আরও সংস্কারের প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

শ্রমজীবী মানুষকে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, তারা শুধু সহানুভূতির নয়, সম্মানেরও দাবিদার।

মে দিবসের সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মী ও শ্রমজীবী মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এই দিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনসহ অন্যান্য নেতারা।

Link copied!