শুক্রবার ০১, মে ২০২৬

০১ মে ২০২৬, ০৪:০৫ পিএম

ইরানের পরিবর্তে ইতালিকে বিশ্বকাপে খেলার প্রস্তাব, ফুটবল অঙ্গনে তীব্র বিতর্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ১১:৩৪ এএম

1687

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে ইরানের পরিবর্তে আসন্ন ফুটবল বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার একটি প্রস্তাব ঘিরে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।
টানা তৃতীয়বার বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে ইতালি। অন্যদিকে এশিয়ান অঞ্চলের বাছাইপর্ব থেকে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করলেও রাজনৈতিক ও নিরাপত্তাজনিত অনিশ্চয়তার কারণে ইরানের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের গ্লোবাল পার্টনারশিপ বিষয়ক বিশেষ দূত পাওলো জামপোল্লি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ইরানের পরিবর্তে ইতালিকে যুক্ত করার প্রস্তাব দেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পাওলো জামপোল্লি জানিয়েছেন এই প্রস্তাব কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়। তার ভাষায়, শেষ মুহূর্তে যদি ইরান অংশ নিতে না পারে, তাহলে বিকল্প হিসেবে ইতালিকে বিবেচনার কথা ভাবা হয়েছিল। তিনি আরও বলেন, চারবারের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় ইতালির অংশগ্রহণ যৌক্তিক হতে পারে।
তবে এই প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইতালির ক্রীড়া কর্তৃপক্ষ। দেশটির ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবোদি বলেন, এটি সম্ভব নয় এবং এটি ভালো ধারণাও নয়। ইতালির অলিম্পিক কমিটির সভাপতি লুসিয়ানো বুয়োনফিগলিও বিষয়টিকে অপমানজনক বলে মন্তব্য করেন এবং বলেন, বিশ্বকাপে খেলতে হলে অবশ্যই যোগ্যতা অর্জন করতে হয়। একইভাবে ইতালির অর্থমন্ত্রী জিয়ানকার্লো জর্জেত্তি এই প্রস্তাবকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন।
অন্যদিকে ইরানের অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা রয়েছে। দেশটি যুক্তরাষ্ট্রে খেলতে না যাওয়ার দাবি জানালেও ফিফা জানিয়েছে, ম্যাচ অন্য কোথাও সরিয়ে নেওয়ার সুযোগ নেই। তবে যুক্তরাষ্ট্র প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের ফুটবলারদের বিশ্বকাপে অংশ নিতে কোনো বাধা নেই, যদিও নিরাপত্তা সংক্রান্ত কিছু শর্ত থাকতে পারে।
ইরানের পক্ষ থেকেও এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া এসেছে। রোমে অবস্থিত ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, ফুটবল জনগণের খেলা, রাজনীতির নয়। তাদের মতে, যোগ্যতার ভিত্তিতেই দল বিশ্বকাপে যায় এবং রাজনৈতিক সিদ্ধান্ত দিয়ে কোনো দলকে বাদ দেওয়া গ্রহণযোগ্য নয়।
ফিফার নিয়ম অনুযায়ী, কোনো দল অংশ নিতে না পারলে তাদের পরিবর্তে র‍্যাঙ্কিং অনুযায়ী অন্য দল সুযোগ পেতে পারে। সে ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের মতো দল সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Link copied!