শুক্রবার ০১, মে ২০২৬

০১ মে ২০২৬, ০৩:২২ এএম

২৪ ঘণ্টা চিকিৎসাসেবা নিশ্চিতের পরিকল্পনা রয়েছে: সমাজকল্যাণমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পিএম

1684

অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন

মানুষ যেন দিন-রাত ২৪ ঘণ্টাই চিকিৎসাসেবা পায়, সে লক্ষ্য নিয়ে পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন বাংলাদেশের ২৯তম জাতীয় কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, অনেক সময় রাজধানী ঢাকায় রাতের বেলায় জরুরি চিকিৎসাসেবা, এমনকি একটি আলট্রাসনোগ্রাম করাতেও সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। সরকারি হাসপাতালগুলোতে বিকেল ৩টার পর অনেক সেবা বন্ধ হয়ে যাওয়ায় রোগীদের দুর্ভোগ বাড়ে।
তিনি বলেন, চিকিৎসাসেবার পরিকল্পনা এমন হতে হবে, যাতে মানুষ ২৪ ঘণ্টাই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পায়।
সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, চিকিৎসক এবং স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্টদের আচরণ ও নীতিগত পরিবর্তন জরুরি। কারণ রোগ-ব্যাধি নির্দিষ্ট সময় মেনে আসে না। যে কোনো সময় মানুষের চিকিৎসার প্রয়োজন হতে পারে, তাই সময় বা পরিস্থিতি বিবেচনা না করে সবসময় সেবা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, স্বাস্থ্যসেবা খাতকে আরও মানবিক, আধুনিক ও সহজপ্রাপ্য করতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
দিনব্যাপী এ সম্মেলনে পরমাণু চিকিৎসার সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে প্রায় অর্ধশত বৈজ্ঞানিক নিবন্ধ উপস্থাপনের জন্য তালিকাভুক্ত করা হয়।
অনুষ্ঠানে নবীন গবেষকদের একাডেমিক অর্জনের স্বীকৃতি হিসেবে ‘ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. ফারিয়া নাসরিন এ পুরস্কার তুলে দেন।
সম্মেলনে বিশেষজ্ঞরা পরমাণু চিকিৎসা, গবেষণা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

Link copied!