প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পিএম
1686
০১ মে ২০২৬, ০৮:৪৭ এএম
পাবনার সুজানগর উপজেলায় সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে উপজেলার মথুরাপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা না গেলেও তারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবের সমর্থক হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি আব্দুল ওহাবকে মথুরাপুর এলাকা থেকে আটক করে পুলিশ। তবে পরে পুলিশ ভ্যানে তোলার সময় স্থানীয় নেতাকর্মীরা তাকে ছিনিয়ে নেয়। ওই ঘটনায় ধস্তাধস্তিতে আটজন পুলিশ সদস্য আহত হন। পরবর্তীতে ৫ ফেব্রুয়ারি আবারও তাকে গ্রেপ্তার করা হয়।
এরপর থেকে এলাকায় আব্দুল ওহাব ও তার সমর্থকদের রাজনৈতিক কর্মকাণ্ড কিছুটা সক্রিয় হয়ে ওঠে বলে স্থানীয়রা জানান। সম্প্রতি রমজানে ইফতার মাহফিল আয়োজন এবং আদালত প্রাঙ্গণে রাজনৈতিক স্লোগান দেওয়ার ঘটনাও ঘটেছে।
পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।