শুক্রবার ০১, মে ২০২৬

০১ মে ২০২৬, ০৯:৪৩ এএম

সরকার ক্রমশ ব্যর্থতার দিকে যাচ্ছে: নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পিএম

1685

নাহিদ ইসলাম

সরকার দেশ পরিচালনায় ক্রমশ ব্যর্থতার দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জনগণের প্রত্যাশা ছিল যে বর্তমান নির্বাচন একটি পরিবর্তনের সূচনা করবে। তবে বাস্তবে দেখা গেছে, সরকার নির্বাচনকে শুধুমাত্র ক্ষমতা হস্তান্তরের একটি প্রক্রিয়া হিসেবে উপস্থাপন করেছে, যা জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক।
তিনি আরও বলেন, এনসিপি স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়ে আসছে। তার মতে, এই নির্বাচন হলে তরুণ প্রজন্মের অংশগ্রহণ বাড়বে এবং রাজনৈতিক নেতৃত্বে পরিবর্তন আসবে।
এ সময় তিনি দাবি করেন, এনসিপির সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়ছে এবং প্রতিনিয়ত নতুন নেতাকর্মী দলে যোগ দিচ্ছেন। তিনি জানান, দলে ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পটভূমির ব্যক্তিরা যুক্ত হয়েছেন, যারা সংগঠনকে শক্তিশালী করছে।
নাহিদ ইসলাম বলেন, ইসহাক সরকারসহ বিভিন্ন রাজনৈতিক নেতার যোগদান এনসিপিকে আরও গতিশীল করছে এবং এটি দলের জন্য ইতিবাচক দিক।
তিনি সরকারের সমালোচনা করে বলেন, জ্বালানি সংকট, লোডশেডিং এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় স্বচ্ছতার অভাব রয়েছে। জনগণকে এসব বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা দেওয়া প্রয়োজন।
এছাড়া তিনি অভিযোগ করেন, কিছু ক্ষেত্রে সিন্ডিকেটের কারণে বাজার ও জ্বালানি খাতে অস্থিরতা তৈরি হচ্ছে। এসব সমস্যা সমাধানে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, এনসিপি গণতান্ত্রিক পরিবেশ ও স্বচ্ছ রাজনৈতিক কাঠামোর পক্ষে কাজ করছে এবং ভবিষ্যতে জনগণের অধিকার প্রতিষ্ঠায় আরও সক্রিয় ভূমিকা রাখবে।

Link copied!