শুক্রবার ০১, মে ২০২৬

০১ মে ২০২৬, ০৬:০৯ পিএম

বিশ্বকাপের আগে টালমাটাল আর্জেন্টিনা ফুটবল, মুখ খুললেন মেসির ঘনিষ্ঠ সতীর্থ

খেলা ডেস্ক

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পিএম

1686

বিশ্বকাপ সামনে রেখে আর্জেন্টিনা ফুটবল অঙ্গনে তৈরি হয়েছে এক ধরনের অনিশ্চয়তা ও অস্থিরতা। প্রশাসনিক সংকট, অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং নানা বিতর্কের কারণে বর্তমান পরিস্থিতিকে ‘টালমাটাল’ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া ব্যাপক প্রশংসা পেলেও এখন তিনি একাধিক বিতর্কে জড়িয়ে পড়েছেন। দুর্নীতির অভিযোগ, ঘরোয়া লিগে পরিবর্তন এবং ম্যাচ আয়োজন নিয়ে সিদ্ধান্ত—এসব বিষয় নিয়ে দেশজুড়ে সমালোচনা বাড়ছে।
এছাড়া আর্জেন্টিনা প্রেসিডেন্ট হাভিয়ের মিলের সঙ্গে ক্লাব কাঠামো ও ফুটবল পরিচালনা নীতি নিয়ে দ্বন্দ্ব পরিস্থিতিকে আরও জটিল করেছে বলে জানা গেছে। অভিযোগের ভিত্তিতে তাপিয়ার বিরুদ্ধে কর ফাঁকির মামলাও চলমান রয়েছে, যা তাকে রাজনৈতিক ও ক্রীড়া অঙ্গনে চাপের মুখে ফেলেছে।
এই পরিস্থিতির প্রভাব পড়েছে মাঠের বাইরের পরিবেশেও। সাম্প্রতিক সময়ে স্টেডিয়ামগুলোতে তাকে লক্ষ্য করে অসন্তোষ প্রকাশ করেছেন সমর্থকদের একটি অংশ।
জাতীয় দলের খেলোয়াড়রা অবশ্য এই বিতর্ক থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করছেন। অধিনায়ক লিওনেল মেসি এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে তার ঘনিষ্ঠ সতীর্থ মিডফিল্ডার রদ্রিগো দি পল স্পষ্টভাবে বলেন, “আমরা ফুটবল খেলতে এসেছি, রাজনীতিতে জড়াতে চাই না।”
অন্যদিকে প্রশাসনিক সংকট নিয়ে উদ্বেগ থাকলেও দলটির প্রস্তুতিতে মনোযোগ দেওয়ার চেষ্টা চলছে। তবে সমালোচকরা বলছেন, শক্তিশালী প্রতিপক্ষের পরিবর্তে অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজন করে আর্জেন্টিনা পর্যাপ্ত প্রস্তুতি নিচ্ছে না।
এদিকে আর্জেন্টিনা সম্প্রতি ইন্দোনেশিয়া, মৌরিতানিয়া ও জাম্বিয়ার মতো দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে। সামনে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ রয়েছে, যারা বিশ্বকাপে অংশ নিচ্ছে না।
সব মিলিয়ে বিশ্বকাপের আগে আর্জেন্টিনার প্রস্তুতি ও অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠলেও দলটির মিডফিল্ডার রদ্রিগো দি পল মনে করেন, ঐক্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার ভাষায়, “একবার জেতা কঠিন, আর টানা শিরোপা ধরে রাখা আরও কঠিন। আমরা যদি শিরোপা ধরে রাখতে চাই, তাহলে সবাইকে এক থাকতে হবে।”

Link copied!