প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পিএম
1684
০১ মে ২০২৬, ১১:৩৯ এএম
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জাতীয় নির্বাচন চ্যালেঞ্জিং হলেও দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচন আরও বেশি কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলীর হাজী ফতেহ মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে যোগ্য ও জনগণবান্ধব প্রতিনিধিদের নির্বাচিত করার বিষয়টি এখন থেকেই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। তার মতে, এসব নির্বাচন দেশের ভবিষ্যৎ প্রশাসনিক ও উন্নয়ন কাঠামোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে স্থানীয় সরকার কাঠামো কার্যকর না থাকায় তৃণমূল পর্যায়ে বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধির অভাবে উন্নয়ন কার্যক্রমে কিছুটা স্থবিরতা দেখা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে দলীয়ভাবে এমন ব্যক্তিদের অগ্রাধিকার দিতে হবে, যারা জনগণের সঙ্গে সম্পৃক্ত, জনবান্ধব এবং দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজে যুক্ত আছেন। একাধিক প্রার্থী বিভক্ত হলে নির্বাচনী ফলাফল ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও তিনি সতর্ক করেন।
এ্যানি বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা স্থানীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ অংশ। তাই তাদের দায়িত্বকে হালকাভাবে দেখার সুযোগ নেই। জনগণের জীবনমান উন্নয়নে তাদের ভূমিকা সরাসরি প্রভাব ফেলে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
অনুষ্ঠানের আগে মন্ত্রী দিঘলী ইউনিয়নের ওয়াপদাখাল ভাঙন এলাকা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।