প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পিএম
1686
০১ মে ২০২৬, ০৬:১৪ পিএম
মো. আসাদুজ্জামান
যশোরে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে এবং এ বিষয়ে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন রয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় যশোর জেলা আইনজীবী সমিতির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, মানবাধিকার কমিশন ও গুম কমিশনের কার্যক্রম নিয়েও বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে। তিনি দাবি করেন, বিএনপি তাদের অঙ্গীকার অনুযায়ী জুলাই সনদ সংশোধন করে বাস্তবায়ন করবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক অপসংস্কৃতি ফিরে এলে দেশ ও ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। তাই লক্ষ্যচ্যুত না হয়ে রাষ্ট্রকে সঠিক পথে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী যশোর জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের নামফলক উন্মোচন করেন এবং ভবন ও লাইব্রেরি উন্নয়নের জন্য ১৮ লাখ টাকা বরাদ্দের প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। উদাহরণ হিসেবে তিনি তনু হত্যা মামলার তদন্ত ও অগ্রগতির কথা উল্লেখ করেন।
মন্ত্রী আরও বলেন, সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হকসহ স্থানীয় আইনজীবী ও প্রশাসনের কর্মকর্তারা।