প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ১২:৫২ পিএম
1685
০১ মে ২০২৬, ০৬:৩৮ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতাদের ওপর শাহবাগ থানার ভেতরে হামলার ঘটনায় পুলিশের বিরুদ্ধে সরাসরি সহযোগিতার ভূমিকা পালনের অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল।
শুক্রবার (২৪ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মোর্তজা মেডিকেল সেন্টারে আহত ডাকসু নেতাদের দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং এ অভিযোগ করেন।
নূরুল ইসলাম বুলবুল বলেন, থানার ভেতরে ঘটনার সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা নিরপেক্ষ ভূমিকা না নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের সহায়তা করেছে। তাঁর ভাষায়, এটি কোনো সাধারণ বা বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পরিকল্পিত ঘটনার অংশ হতে পারে। তিনি ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
তিনি আরও অভিযোগ করেন, এক শিক্ষার্থী তার দুই বন্ধুকে নিয়ে থানায় জিডি করতে গেলে পুলিশ তা গ্রহণ না করে প্রায় দেড় ঘণ্টা বসিয়ে রাখে। এই সময়ের মধ্যেই বাইরে থেকে ছাত্রদলের কিছু নেতাকর্মী থানায় প্রবেশ করে এবং পুলিশের উপস্থিতিতেই ডাকসু নেতাদের ওপর হামলা চালায় বলে দাবি করেন তিনি।
বুলবুল বলেন, “থানার ভেতরে যদি নিরাপত্তা না থাকে, তাহলে সাধারণ মানুষের আস্থা কোথায় থাকবে? পুলিশের দায়িত্ব ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, কিন্তু তারা তা না করে নীরব ভূমিকা পালন করেছে।”
তিনি অভিযোগ করেন, হামলার সময় সাংবাদিকদের ওপরও আক্রমণ করা হয়, এতে অন্তত ১২ জন সাংবাদিক আহত হন। এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত বলে তিনি মন্তব্য করেন।
ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না, এবং সরকার যদি ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তাহলে জনগণের মধ্যে আস্থা সংকট তৈরি হবে।