প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০১:০২ পিএম
1701
০১ মে ২০২৬, ০৬:৩৯ এএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) সহ-সভাপতি (ভিপি) মুহাম্মদ রিয়াজুল ইসলাম বলেছেন, “বর্তমান সরকারকে ভূতে ধরেছে। তারা ক্ষমতায় আসার পর থেকেই দেশের মানুষের জীবনকে বিপর্যস্ত করেছে।”
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।
রিয়াজুল ইসলাম বলেন, ৯০-এর দশকেও কৃষকদের আন্দোলনে দমন-পীড়ন চালানো হয়েছিল। বর্তমান সময়েও তেল, বিদ্যুৎ ও গ্যাস সংকটে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তাঁর দাবি, গ্যাস সংকটে উৎপাদনশীল শিল্পকারখানা বন্ধ হচ্ছে এবং ব্যাংক খাতও ঝুঁকির মধ্যে পড়ছে।
তিনি আরও অভিযোগ করেন, সরকারের ব্যর্থতা আড়াল করতে ক্যাম্পাসগুলোতে “সন্ত্রাসী কর্মকাণ্ড” চালানো হচ্ছে। তাঁর ভাষায়, এসব ঘটনার মাধ্যমে ছাত্ররাজনীতিকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।
জকসু ভিপি বলেন, “সরকার যদি তাদের অঙ্গীকার ভুলে যায় এবং জুলাই বিপ্লবীদের অবদান ও জুলাই সনদকে অস্বীকার করে, তাহলে আবারও গণআন্দোলন গড়ে উঠবে।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সময়মতো জনগণের দাবি ও গণভোটের রায় বাস্তবায়ন না হলে ছাত্রসমাজ আবারও রাজপথে নামবে।
সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, সরকারের নীতির কারণে রাজনৈতিক পরিস্থিতি জটিল হচ্ছে এবং ছাত্ররাজনীতিতে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তিনি অভিযোগ করেন, বিভিন্ন রাজনৈতিক দলের পুনর্বাসন ও মনোনয়ন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠছে।
তিনি আরও বলেন, “জনগণের রায় ও গণভোটকে উপেক্ষা করলে ছাত্রসমাজ আবারও আন্দোলনে নামবে।”