শুক্রবার ০১, মে ২০২৬

০১ মে ২০২৬, ০৩:২২ এএম

ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩৯ এএম

1694

প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে সরকার বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশবান্ধব নগর পরিকল্পনায় নানা কার্যক্রম চলমান রয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।

প্রধানমন্ত্রী জানান, নগর পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সাপ্তাহিক জনসচেতনতামূলক কর্মসূচি, বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়নের অংশ হিসেবে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনগুলো পরিবেশবান্ধবভাবে উন্নয়ন করা হচ্ছে। পাশাপাশি মাতুয়াইল ল্যান্ডফিলকে সমন্বিত সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা ও জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনার কথাও জানান তিনি।

সবুজায়নের অংশ হিসেবে ঢাকা দক্ষিণে রোড মিডিয়ান, সড়ক দ্বীপ ও উন্মুক্ত স্থানে বৃক্ষরোপণ এবং ঢাকা উত্তরে ‘মিয়াওয়াকি ফরেস্ট’ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে ঢাকা উত্তরে ৫ লাখ বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া মেট্রোরেলের নিচের খালি জায়গা এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের অংশেও বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে।

বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ যৌথভাবে আধুনিক বাস সার্ভিস ও ২৫০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহন, নির্মাণসামগ্রী ও কনস্ট্রাকশন দূষণের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।

তিনি আরও জানান, ঢাকার চারপাশের অবৈধ দূষণকারী ইটভাটা বন্ধে অভিযান চলছে এবং সাভারকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করে সেখানে কিছু কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। নদী, খাল ও জলাশয় দূষণ রোধে শিল্পপ্রতিষ্ঠানে ইটিপি বাধ্যতামূলক করা হয়েছে এবং ইতোমধ্যে ২৪৮টি প্রতিষ্ঠানে তা স্থাপন করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বন অধিদপ্তর, সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে রাস্তার মিডিয়ান, খালের পাড় ও উন্মুক্ত স্থানে বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এর আওতায় ইতোমধ্যে ৪১ হাজারের বেশি ফলদ, বনজ ও শোভাবর্ধনকারী গাছ লাগানো হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, সমন্বিত এসব উদ্যোগের মাধ্যমে ধীরে ধীরে পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও সবুজ ঢাকা গড়ে তোলা সম্ভব হবে।

Link copied!